২৫ মার্চ কালরাতে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করবে দেশ
একাত্তরের ভয়াল ২৫ মার্চের গণহত্যার স্মরণে আগামী বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে।
সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণহত্যা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এই প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে।
তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং দেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়া দিবসটির গাম্ভীর্য বজায় রাখতে ওই রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি ভবনে আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ৮ মার্চ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা শেষে সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ মার্চের এই প্রতীকী অন্ধকার একাত্তরের সেই বিভীষিকাময় রাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতির ঐক্য ও স্মৃতিচারণের বহিঃপ্রকাশ হিসেবে পালন করা হবে।


