বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু নিয়ে এখনই সুখবর নেই: প্রণয় ভার্মা
বাংলাদেশিদের জন্য স্থগিত থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে আপাতত কোনো সুনির্দিষ্ট সুখবর নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সিদ্ধান্ত হলে তা জানানো হবে বলে জানান তিনি।
সোমবার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা জানান, বর্তমানে ভারত সরকার ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে কাজ করছে। তবে ঠিক কবে নাগাদ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আবার চালু হবে—সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ তিনি দ্রুতই ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সর্বশেষ বক্তব্যে বিষয়টি নিয়ে কিছুটা সতর্ক অবস্থান দেখা গেছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান ক্রস-বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ নিয়েও আলোচনা হয়। প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংযোগ বৃদ্ধি গুরুত্বপূর্ণ।
এছাড়া চলমান বিভিন্ন দ্বিপাক্ষিক প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মতামত দিয়েছে বলেও জানান তিনি।


