ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশের নানা পরামর্শ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বিভিন্ন নিরাপত্তা পরামর্শ দিয়েছে Bangladesh Police। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী, চালক এবং নৌযান সংশ্লিষ্টদের জন্য এসব নির্দেশনা দেওয়া হয়।
পুলিশের পরামর্শে যাত্রীদের বলা হয়েছে, পর্যাপ্ত সময় নিয়ে ঈদ ভ্রমণের পরিকল্পনা করতে এবং নিজের ও পরিবারের নিরাপত্তাকে গুরুত্ব দিতে। চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়া, অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করারও আহ্বান জানানো হয়েছে।
এছাড়া রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং বা ফুটওভারব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে। যেখানে এসব সুবিধা নেই, সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করতেও সতর্ক করেছে পুলিশ।
বাস চালকদের উদ্দেশ্যে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে। ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং বাসে অতিরিক্ত যাত্রী না তোলার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নৌপথে যাতায়াতকারীদের জন্যও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। লঞ্চ, স্টিমার বা স্পিডবোটে অতিরিক্ত যাত্রী হয়ে ওঠা কিংবা ছাদে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি স্পিডবোটে লাইফ জ্যাকেট পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে।
নৌযান মালিক ও চালকদেরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সংখ্যক দক্ষ মাস্টার ও ড্রাইভার দিয়ে নৌযান পরিচালনা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা এবং আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা শুরুর কথা বলা হয়েছে। ঝড়ের আশঙ্কা দেখা দিলে নৌযান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া ট্রেনযাত্রীদের ট্রেনের ছাদ, বাফার, পাদানি বা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভ্রমণের সময় নিজের মালামাল নিজ দায়িত্বে রাখার পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে পুলিশ।
প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৬৯৫৯৮, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করুন।


