হরমুজ প্রণালিতে আটকে পড়া তেলবাহী জাহাজ ছাড়াতে ইরানকে অনুরোধ করবে সরকার

জাতীয়
হরমুজ প্রণালিতে আটকে পড়া তেলবাহী জাহাজ ছাড়াতে ইরানকে অনুরোধ করবে সরকার
নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৬

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশমুখী তেলবাহী জাহাজ যাতে নির্বিঘ্নে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে, সেজন্য ইরান দূতাবাসকে অনুরোধ করবে সরকার। ইতিমধ্যে এর প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েক দিনের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ।

সরকারি সূত্রে জানা যায়, এমটি নরডিক পোলেক্স নামের জাহাজটি এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চার দিন ধরে সৌদি আরবে অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে জাহাজটি হরমুজ প্রণালি পার হতে পারছে না, ফলে বাংলাদেশের জন্য কেনা তেল আটকে রয়েছে।

জানতে চাইলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “বাংলাদেশমুখী জাহাজ ছেড়ে দিতে ইরানকে অনুরোধ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। আশা করছি, এতে জাহাজটি দ্রুত দেশে পৌঁছাবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তেল-গ্যাসের মজুত বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় নীতির আওতায় (ডিপিএম) তিন লাখ টন ডিজেল ক্রয়ের পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে।

জ্বালানি সচিব মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, “মার্চ ও এপ্রিলের জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার সব উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে সরাসরি ক্রয় নীতির মাধ্যমে তেল-গ্যাস কেনা হবে।”

সরকারের এই পদক্ষেপের মাধ্যমে দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং চট্টগ্রাম বন্দরে জাহাজের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।