রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটির নগদ সহায়তা ছাড় দিল সরকার

জাতীয়
রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটির নগদ সহায়তা ছাড় দিল সরকার
নিউজ ডেস্ক
৩ মার্চ ২০২৬

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিয়েছে সরকার।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শিল্প মালিকদের ওপর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, উৎসব বোনাস ও ইউটিলিটি বিল পরিশোধের চাপ বেড়েছে। এমন সময়ে নগদ সহায়তার অর্থ ছাড় শিল্পের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।

বিজিএমইএ জানায়, আটকে থাকা সহায়তার অর্থ ছাড়ের দাবিতে সংগঠনটির বর্তমান বোর্ড সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক–এর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। এসব আলোচনার পর দ্রুত এ তহবিল অনুমোদন দেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১,৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১,০০০ কোটি টাকা—মোট ২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সংগঠনটি সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

শিল্প সংশ্লিষ্টদের মতে, এ অর্থ ছাড় রপ্তানি খাতে তারল্য সংকট মোকাবেলায় সহায়ক হবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।