শেরপুরে নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা নিহত

দেশজুড়ে
শেরপুরে নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
নিউজ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৫০) নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

এদিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনি ইশতেহার অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে বসার চেয়ার নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সেই বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এতে উভয় দলের অন্তত অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হন। সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দুইজন সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।