ভিডিও ভাইরাল

বিএনপির মিছিলে ‘এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার ‘ স্লোগান

দেশজুড়ে
বিএনপির মিছিলে ‘এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার ‘ স্লোগান
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রদলের একটি মিছিলে বিতর্কিত স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউনিয়ন ছাত্রদল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে নির্বাচনি প্রচারণা উপলক্ষে ওই মিছিলের আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানের এক পর্যায়ে ‘এই মুহূর্তে দরকার’ বলে স্লোগান শুরু হলে পাশ থেকে কয়েকজন ‘শেখ হাসিনা সরকার’ বলে কণ্ঠ মেলান। মুহূর্তের মধ্যেই মিছিলের নেতৃত্বদানকারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ ‘বিএনপি সরকার’ বলে স্লোগান দেন এবং পরে অংশগ্রহণকারীরা সেটিই পুনরাবৃত্তি করেন।

ঘটনার বিষয়ে মূনঈমুল ইসলাম মিরাজ দাবি করেন, তিনি নিজে কখনোই ‘শেখ হাসিনা সরকার’ স্লোগান দেননি। তার ভাষ্য, এটি ছিল নির্বাচনি গণসংযোগ কর্মসূচি, যেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকেই কেউ ওই স্লোগান দিয়ে থাকতে পারেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি তার নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।