মেয়াদোত্তীর্ণ সেতুতে হাজারো মানুষের জীবনের ঝুঁকি

দেশজুড়ে
মেয়াদোত্তীর্ণ সেতুতে হাজারো মানুষের জীবনের ঝুঁকি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নে একটি মেয়াদোত্তীর্ণ সেতু দিয়ে প্রতিদিন অন্তত ২০-২৫ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কালীরহাট এলাকায় রত্নাই নদীর ওপর নির্মিত সেতুটি এখন এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম।

দুর্গাপুর–ভেলাবাড়ী সড়ক উপজেলা ও জেলা শহরের সঙ্গে ইউনিয়নের একমাত্র যোগাযোগ মাধ্যম। ১৯৮০-এর দশকে নির্মিত সেতুটির রেলিং ভেঙে গেছে, পিলার দুর্বল হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলের সময় পুরো সেতু কেঁপে ওঠে। অনেক স্থানে খসে পড়ছে প্লাস্টার।

এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও রোগীবাহী যান চলাচল করছে। একটি গাড়ি সেতুতে উঠলে অপর প্রান্তে অন্য যানবাহনকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যে সেতু পারাপার করতে গিয়ে একাধিক দুর্ঘটনায় অনেকে আহত বা পঙ্গুত্ববরণ করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় বাসিন্দা দোলন কুমার বলেন, এই সেতু দিয়ে চলাচল করতে গেলেই ভয় কাজ করে। একটু ভারী গাড়ি উঠলেই সেতু দুলে ওঠে। পরিবার-পরিজন নিয়ে পার হতে হলে বুক কেঁপে ওঠে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু দেখার যেন কেউ নেই।

স্থানীয় আরেক বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, এই সেতুটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। আমরা বহুদিন ধরে এটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, জরাজীর্ণ সেতুটির জরিপ ও মাটি পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নকশার কাজ চলছে এবং দ্রুত পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলম বলেন, “সেতুটির টপোগ্রাফিক সার্ভে ও সয়েল টেস্ট শেষ হয়েছে। ডিজাইনের কাজ চলছে। দ্রুত দরপত্র আহ্বান করে পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।”

দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ সেতু পারাপারের ভোগান্তির মধ্য দিয়ে চলা দুর্গাপুর ইউনিয়নের মানুষ দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।