বইমুখী হতে হবে, জ্ঞানভিত্তিক সমাজ গড়ার আহ্বান হাসান হাফিজের
জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেছেন, আমরা ধীরে ধীরে বই থেকে দূরে সরে যাচ্ছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আসক্ত হয়ে পড়ছি। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে আবার বইয়ের কাছে ফিরে যেতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুললেই একটি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ সম্ভব।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ফরিদগঞ্জ পৌরসভার উপকণ্ঠে আইফা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
হাসান হাফিজ বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশের জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি সহায়ক বই পড়ার বিকল্প নেই। প্রযুক্তির ব্যবহার প্রয়োজন হলেও তা যেন বই পড়ার অভ্যাসকে গ্রাস না করে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে ১৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩ জন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননায় ভূষিত করা হয়।
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহের হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মো. মাসুম বিল্লাহ, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ রিপন এবং ফরিদগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাব আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ওয়ালী উল্যা, মফিজুর রহমান খান বাবু, নুরুন্নবী নোমান, শিক্ষক রেজাউল করিম মাসুদ, জাকির হোসেন ও হারুনুর রশিদসহ স্থানীয় বিশিষ্টজনরা।
সভাপতির বক্তব্যে মোতাহের হোসেন পাটোয়ারী বলেন, ২০০১ সালে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, স্যানিটেশনসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নানা সংকটের মধ্যেও এই ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষকদের সম্মানিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি জানান।


