মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন যাচাইয়ে বড় ধাক্কা খেয়েছেন দুই পরিচিত রাজনৈতিক নেতা। হলফনামায় তথ্যের অসংগতি ও প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতির কারণে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণ সংক্রান্ত নির্ধারিত ফরম সংযুক্ত করেননি। নির্বাচন বিধিমালা অনুযায়ী সম্পদের পূর্ণাঙ্গ তথ্য দেওয়া বাধ্যতামূলক হলেও তা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জমা দেওয়া হলফনামায় একাধিক তথ্যগত অসংগতি ও অস্পষ্টতা পাওয়া গেছে। এসব কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
তবে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, বাতিল হওয়া প্রার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


