মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

দেশজুড়ে
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫

বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে না পারায় প্রার্থী হতে পারলেন না কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত ব্যক্তি আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে তিনি আমজনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে হিরো আলম বলেন, ফরম পূরণ করতে অতিরিক্ত ৩০ মিনিট সময় লাগায় নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তিনি অভিযোগ করেন, সময় অল্পের কারণে তার মনোনয়ন গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তাকে আগেই জানানো হয়েছিল। সময়সীমা অতিক্রম করায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।

এর আগে মনোনয়নপত্র সংগ্রহের সময় হিরো আলম সাংবাদিকদের বলেন, অতীতে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন, তাই নির্বাচনে অংশ নিতে তার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না, সে বিষয়ে তার শঙ্কা রয়েছে, তবে সবাই একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।

হিরো আলম আরও জানান, বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন, তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই আসনে প্রার্থী হওয়ায় তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আগে যেহেতু বগুড়া-৪ আসনে নির্বাচন করেছেন, তাই এবারও সেই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।