ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত

দেশজুড়ে
ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত
নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তাহরিমা জান্নাত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে যুক্ত ছিলেন, যারা বিভিন্ন ব্যক্তিকে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করত। সাম্প্রতিক এক ঘটনায় গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসে এই চক্রের বিরুদ্ধে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে—চক্রটি দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ৫০ কোটি টাকা আদায় করেছে। এ কার্যক্রমে তাহরিমা জান্নাতের নেতৃত্বমূলক ভূমিকার প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত লাইভ ও নানা কর্মকাণ্ডের কারণে তিনি পরিচিতি পান। ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে অনলাইনে সক্রিয় থাকায় অল্প সময়ের মধ্যেই তিনি আলোচনায় আসেন।

পুলিশের অভিযোগ অনুযায়ী, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিতি ও প্রভাব কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং সেই নেটওয়ার্ক ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করতেন।

গ্রেপ্তারের পর তাহরিমা জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।