সীতাকুণ্ডে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

দেশজুড়ে
সীতাকুণ্ডে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
নিউজ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল ইসলামের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, মুখোশধারী ছয়জনের একটি দল বাড়িতে এসে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির জানালার কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি।

প্রয়াত নুরুল ইসলামের ছেলে আবু সুফিয়ান শিবলু জানান, একসঙ্গে ছয়জন এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আরও দুটি পেট্রোল বোমা রেখে পালিয়ে যায়। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি হামলাকারীদের পরিচয় বা ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি ছোট কাচের বোতল উদ্ধার করেছে। উদ্ধার করা আলামতগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।