এনসিপি ছাড়ার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ নাজমুল হাসান নাহিদের
কুমিল্লার দেবিদ্বারে এনসিপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী মো. নাজমুল হাসান নাহিদ। সোমবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ঘোষণায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
নাজমুল হাসান নাহিদ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক এবং দেবিদ্বার উপজেলার সদর ইউনিয়নের ছোট আলমপুর এলাকার বাসিন্দা। গত ৫ আগস্টের পর থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে নিয়মিত সক্রিয় দেখা গেছে।
ফেসবুক পোস্টে নাহিদ লেখেন, “এই মুহূর্ত থেকে আমি এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমাকে যে কেউ প্রশ্ন করতে পারেন।” অন্য এক পোস্টে তিনি উল্লেখ করেন, “সম্মানের জায়গা যেখানে নেই, সেখানে রাজনীতি করতে আমি আগ্রহী নই।”
তার এই ঘোষণার আগে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে নাহিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। নোটিশে দেবিদ্বার উপজেলা কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
নোটিশ পাওয়ার পরপরই নাজমুল হাসান নাহিদের ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। অনেক নেতাকর্মী তার সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে মতামত প্রকাশ করছেন।
উল্লেখ্য, জাতীয় যুবশক্তিতে তার কেন্দ্রীয় পদ থাকলেও তিনি মূলত এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডেই বেশি সক্রিয় ছিলেন এবং হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন।
এ বিষয়ে জাতীয় যুবশক্তি বা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


