রংপুর বিভাগীয় ইজতেমায় বয়স ও ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু
রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালেই বয়স ও ঠান্ডাজনিত জটিলতায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
নিহত মুসল্লিদের একজন রংপুরের পীরগঞ্জ থানার বাসিন্দা সাঈদুর রহমান। অন্যজন টাঙ্গাইল জেলার তারা মিয়া, যিনি ৪০ দিনের চিল্লার অংশ হিসেবে রংপুরে ইজতেমায় যোগ দিতে এসেছিলেন। ইজতেমা ময়দানের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে শারীরিক অসুস্থতা বাড়লে দু’জনকেই চিকিৎসার চেষ্টা করা হয়, তবে শেষ পর্যন্ত তারা মারা যান। বাদ জোহর ইজতেমা ময়দানে পৃথক জানাজা শেষে তাঁদের মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দু’জনেই শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মৃত্যু স্বাভাবিক বলেই নিশ্চিত করেছেন তিনি।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় লাখো মুসল্লির উপস্থিতিতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়। প্রথম দিনেই এ ধরনের মৃত্যুর ঘটনায় মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


