‘আটকে রাখে কাসেমী, পালিয়ে এসে জানতে পারি আমি গর্ভবতী’

দেশজুড়ে
‘আটকে রাখে কাসেমী, পালিয়ে এসে জানতে পারি আমি গর্ভবতী’
নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫

শরীয়াহভিত্তিক নিকাহ কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আটিবাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

থানার ওসি মনিরুল হক বলেন, কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভীন বাদী হয়ে দুই দিন আগে মামলা করেন। মামলার অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতেই আছেন।

এদিকে স্বামী গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরপর কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন তামান্না হাতুন। সেখানে তিনি তাদের দেড় বছরের দাম্পত্য জীবনের নানা ঘটনার বর্ণনা দিয়েছেন। তামান্নার দাবি, তিন তলাকের পর কাসেমীর আচরণ অসহনীয় হয়ে ওঠে। স্বাভাবিক সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং একাধিকবার আটকে রাখা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তামান্না লেখেন, এক পর্যায়ে তিনি আটকে থাকা অবস্থায় পালিয়ে মামির বাসায় আশ্রয় নেন। পরে জানা যায় তিনি গর্ভবতী। কিন্তু পুনরায় যোগাযোগের পর কাসেমী তাকে আবারও নিজেদের ভবনের চারতলায় আটকে রাখেন এবং শারীরিক নির্যাতন চালান। তার শরীরে এখনো সে দাগ রয়ে গেছে বলে দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিষয়গুলো আপসে মীমাংসার জন্য তিনি বহু আলেম-ওলামার কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কোনো সমাধান পাননি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন।

তামান্না আরও বলেন, স্বামী গ্রেপ্তার হওয়ায় তার ব্যক্তিগতভাবে কষ্ট হলেও কাসেমীর “অসঙ্গত আচরণ, অপব্যবহার এবং ধর্মীয় বিধানকে ইচ্ছেমতো ব্যবহার” তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

ধর্মীয় পরিচয় বা অবস্থান নির্বিশেষে অপরাধীর শাস্তি সমান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।