পাওনা টাকা আদায়ে কৃষকের গরু ছিনিয়ে নিলেন জামায়াত নেতা!
দুমকিতে এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা জুলিল প্যাদার বিরুদ্ধে। ঘটনা ঘটে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল বারেক মজুমদার জানান, তার গোয়ালঘর থেকে জোরপূর্বক দুটি গরু তুলে নেওয়া হয়। পরে তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন।
একই দিন বিকেলে পঞ্চায়েত বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্যদের সঙ্গে বৈঠকে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন, গরুগুলো নেওয়ার কারণ তার ভাইয়ের পাওনা টাকা আদায় করা। তিনি জানান, বারেকের ছেলে ঢাকায় থাকায় তার কাছ থেকে টাকা আদায় করতে গরু দুটি নিয়ে আসা হয়েছে এবং বিষয়টি আদালতেও চলমান রয়েছে।
কৃষক বারেক মজুমদার অভিযোগ করেন, “আমার ছেলে ঢাকায় থাকেন। কোনো লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারা আমার গরু নিয়ে গেছে, আমাকে দুর্বল ভেবেই।”
ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, “বৈঠকে জলিল প্যাদা টাকা পাওনার দাবি করলেও কোনো লিখিত নথি দেখাতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা চলছে।”


