দিনাজপুরে মিনিবাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ নারী নিহত

দেশজুড়ে
দিনাজপুরে মিনিবাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ নারী নিহত
নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৫

দিনাজপুরের দশমাইল মহাসড়কে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের চার নারী নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের ইয়াকুবের স্ত্রী মর্জিনা, আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা, আনোয়ার হোসেনের স্ত্রী সুমী আক্তার এবং আবদুস সালামের স্ত্রী সাদিয়া। নিহত চারজনই পরস্পরের জা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাস মেলা দেখতে যাচ্ছিলেন। পথে দিনাজপুরগামী নাসিব পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক শিশু আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার এসআই রেজাউল করিম।

তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে সড়কে ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।