ভোট ছাড়া কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: নুর

দেশজুড়ে
ভোট ছাড়া কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: নুর
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জনগণের অনুমোদন ছাড়া আর কেউ জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবে না। হুমকি-ধমকি কিংবা জোরজবরদস্তির মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ—কোনো নির্বাচিত পদের দায়িত্ব নেওয়া যাবে না।

বুধবার (১৯ নভেম্বর) পটুয়াখালীর দশমিনার গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক ডাকসু ভিপি নুর বলেন, “আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে এগোবে—গণতন্ত্রের দিকে, নাকি স্বৈরাচারের দিকে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিগত পাঁচ দশকের রাজনীতিকে সমালোচনা করে নুর বলেন, রাজনৈতিক অঙ্গনকে ‘ধর–মার–খাও’ আর লুটপাটের সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে জনপ্রতিনিধিত্বের নৈতিক ভিত্তি। তার অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত অনেকেই উন্নয়নের নামে জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন।

পথসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মফিজুর রহমান মাহফুজ। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইমরান হাওলাদার। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর ইতোমধ্যে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এখনো নির্ধারিত হয়নি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান মামুনকে।