বঙ্গোপসাগরে এক টানে ২০০ মণ ইলিশ, পাথরঘাটায় নিলামে পেল ৫৩ লাখ টাকা

দেশজুড়ে
বঙ্গোপসাগরে এক টানে ২০০ মণ ইলিশ, পাথরঘাটায় নিলামে পেল ৫৩ লাখ টাকা
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে অবিশ্বাস্য ধরা—এক টানে ২০০ মণ ইলিশ তুলে এনেছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। পরে বুধবার (১৯ নভেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে এসব ইলিশ ৫৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

এফবি সাফাওয়ান–১ ও এফবি রাইসা নামের দুটি পৃথক ট্রলারে ধরা পড়ে এসব মাছ। সাইফ ফিস আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় ইলিশগুলো। জানা যায়, গত ১৪ নভেম্বর ট্রলার দুটি গভীর সমুদ্রে যায়। ১৭ নভেম্বর কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার সমুদ্রে জাল ফেলতেই এক টানেই উঠে আসে প্রায় ১৮ হাজার পিস ইলিশ।

এর মধ্যে এফবি রাইসা ট্রলারে ধরা পড়ে ১১০ মণ ইলিশ, যা ২৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়। অপরদিকে এফবি সাফাওয়ান–১ ট্রলারে ৯০ মণ ইলিশ ধরা পড়ে, যার দাম ওঠে ২৫ লাখ টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এফবি রাইসা ট্রলারের মাঝি মাসুদ বলেন, “তিন–চার দিন সাগরে ঘুরেও সামান্য মাছ পেয়েছিলাম। ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলেই আমরা অবাক—জাল ভরে শুধু ইলিশ আর ইলিশ। এমন ধরা জীবনে খুব কমই হয়েছে।”

সাফাওয়ান–১ ট্রলারের মাঝিরাও জানান, একই দিন বিকেলে জাল ফেলতেই ৯০ মণ ইলিশ উঠে আসে, যা আজ সকালে খোলা দরেই বিক্রি করা হয়।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের আড়তদার মোস্তফা আলম বলেন, “আমার আড়তেই মাছগুলো বিক্রি হয়েছে। কিছুদিন আগে আরেকটি ট্রলারে ১৭০ মণ ইলিশ পেয়েছিলাম। এবার ২০০ মণ পাওয়ায় জেলেরা অনেকটাই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।”

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “দীর্ঘদিন সাগরে মাছ না পাওয়ায় ট্রলার মালিক এবং জেলেরা দু’পক্ষই বিপাকে ছিল। দুই ট্রলারের এমন বড় ধরা জেলেদের মুখে আবারও হাসি ফিরিয়ে দিয়েছে।”