‘ওরা দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার’

দেশজুড়ে
‘ওরা দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার’
নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলার ঘটনার প্রধান অভিযুক্ত নয়ন-পিয়াসসহ একাধিক সন্ত্রাসী পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ওরা দেশে ফিরলেই কেরানীগঞ্জ কারাগার হবে তাদের ঠিকানা।”

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গজারিয়ার দুর্গম জামালপুর গ্রামে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ অঞ্চলে নৌ-ডাকাতদের দীর্ঘদিনের তৎপরতা আমাদের জানা। থানায় হামলার সময় তারা অস্ত্র লুট করেছিল, এখনো ধারণা করা হচ্ছে সেই অস্ত্র তাদের কাছেই রয়েছে। এসব উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, অস্থায়ীভাবে স্থাপিত ক্যাম্পটি স্থায়ী থানায় রূপান্তরের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এ সময় স্থানীয় সাংবাদিকরা মুন্সীগঞ্জের আলু চাষিদের দুরবস্থার প্রসঙ্গ তুললে তিনি জানান, “আলু চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার ইতোমধ্যে মূল্য নির্ধারণ করেছে। বিষয়টি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে।”

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন:

উল্লেখ্য, ২২ আগস্ট গজারিয়ার জামালপুর গ্রামে নৌ-ডাকাত দমন ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। মাত্র তিন দিন পর, ২৫ আগস্ট রাতেই ক্যাম্পে হামলা চালায় নয়ন-পিয়াস বাহিনীর সদস্যরা। গুলি ও ককটেল বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নয়নের বড় ভাই রিপনসহ পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।