১৩ বছর পর কিশোরী অপহরণ মামলায় তিন যুবকের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড
১৩ বছর আগে ঘটে যাওয়া কিশোরী অপহরণ মামলার রায় ঘোষণা করেছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে তিন আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা বর্তমানে পলাতক রয়েছেন।
২০১২ সালের ২৬ জুন সকালে ফেনী গার্লস ক্যাডেট কলেজের পাশ থেকে এক কিশোরীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন ভুক্তভোগীর বাবা জয়নাল আবেদীন ফেনী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় আবু তৈয়ব নামে একজনকে নামীয় এবং অজ্ঞাত ৪-৫ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়।
তদন্ত শেষে ফেনী মডেল থানার এসআই আবদুস সালাম ২০১২ সালের ২২ অক্টোবর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতের দেওয়া রায়ে সাজা পাওয়া তিন আসামি হলেন:
-
তৈয়ব উল্লাহ (২২), পিতা: সেলিম জাহাঙ্গীর, উত্তর শিবপুর
-
শহীদুল ইসলাম বাপ্পি (২০), পিতা: আবদুল হক মোয়াজ্জেম, সামছুল হক মৌলভি বাড়ি
-
আবদুর রহিম সজিব (২২), পিতা: আবদুল হাই, একই বাড়ি
তবে মামলায় অভিযুক্ত আরেক আসামি সবুজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।
মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সাহাব উদ্দিন বলেন, “প্রসিকিউশনের পক্ষ থেকে সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। আদালত সন্দেহাতীতভাবে দোষ প্রমাণিত হওয়ায় তিন আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন।”
তিনি আরও জানান, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং দণ্ডিতদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।


