ফেনীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা আটক
ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিনগত রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার সকালে অভিযানের বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন—জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) ও সদ্য সাবেক ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)।
যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকের পর তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, “তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অন্যদিকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, “ঘটনার বিস্তারিত আমরা এখনও জানি না। এটি রাজনৈতিক ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।”


