ফেনীর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, ১ জন আহত

দেশজুড়ে
ফেনীর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, ১ জন আহত
নিউজ ডেস্ক
২৫ জুলাই ২০২৫

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার বাশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন:

  1. মো. মিল্লাত হোসেন (২১) – পিতা ইউছুফ মিয়া

  2. মো. লিটন (৩২) – পিতা গাছি মিয়া

দুজনই ফেনীর পরশুরাম পৌরসভার বাশপদুয়া এলাকার বাসিন্দা।
আহত হয়েছেন মো. আফছার (৩১) নামের আরও একজন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে মিল্লাত, লিটন ও আফছার গুথুমা বিওপি’র আওতাধীন ২১৬৪/৩এস পিলার পার হয়ে সীমান্তবর্তী কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান।
অপরদিকে, লিটনকে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন:

“বাশপদুয়া সীমান্ত চোরাকারবারি প্রবণ এলাকা। বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত এবং একজন ভারতে মারা যাওয়ার খবর পাওয়ার পর আমাদের টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়।”

তিনি আরও জানান,
বিএসএফের বিরুদ্ধে লিখিত প্রতিবাদ জানানো হবে এবং নিহত লিটনের মরদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা নিয়মিতভাবে ঘটে চলেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সরকারের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নেই।

এ ঘটনাকে কেন্দ্র করে আবারও দ্বিপক্ষীয় সম্পর্কের স্পর্শকাতর বিষয়গুলো আলোচনায় আসতে পারে, এমনটাই ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।