সাজেকে পাহাড়ধস: ৪২৫ পর্যটক আটকা, সড়কে যান চলাচল বন্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড়ধসের ঘটনায় ৪২৫ জন পর্যটক বর্তমানে আটকা পড়ে আছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে টানা ভারি বর্ষণের ফলে নন্দারাম ও চম্পাতলী এলাকায় পাহাড় ধসে পড়ায় সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে প্রবল বৃষ্টিপাত হয়। এতে পাহাড়ি মাটি সড়কের ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় মাটি অপসারণের কাজ চলছে।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাজেক-বাঘাইহাট সড়কে চলাচলরত যানবাহন চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। যত দ্রুত সম্ভব সড়ক পরিষ্কার করে যোগাযোগ পুনরায় সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


