গোপালগঞ্জে সমাবেশ মঞ্চে নাহিদ-হাসনাত-সারজিসরা

দেশজুড়ে
গোপালগঞ্জে সমাবেশ মঞ্চে নাহিদ-হাসনাত-সারজিসরা
নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে পৌরপার্ক এলাকায় স্থাপিত সমাবেশমঞ্চে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে এনসিপি। এতে ভাঙচুর করা হয় মঞ্চ, চেয়ার, সাউন্ড সিস্টেমসহ অন্যান্য সরঞ্জাম। আহত হয়েছেন এনসিপির একাধিক নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় জড়িত ছিলেন। যদিও এ বিষয়ে সরকারি দল আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি এখনো।

সন্ত্রাসী হামলার মধ্যেও বিকেল ২টার কিছু আগে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর মঞ্চে উঠে তারা বক্তব্য প্রদান শুরু করেন এবং হামলার তীব্র নিন্দা জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন সকালেই আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটে সদর উপজেলার কংসুর এলাকায়। নিরাপত্তা টহলে থাকা ইউএনও এম রকিবুল হাসানের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক আহত হন। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

একই দিনে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এতে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।

সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। এতে বেশ কিছু সময় ওই রুটে যান চলাচল বন্ধ ছিল।

সারা দিনের এসব ঘটনার কারণে গোপালগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।